সময় কোথাও যায় না, মানুষ দূরে চলে যায় |
ভালোবাসার দমবন্ধ করা চিলেকোঠাতেই বাস ভয়ের,
ভয় হারিয়ে যাওয়ার, হারিয়ে ফ্যালার;
ভালোবাসায় খালি হাতটাও উল্টোতে ভয় পায় মানুষ;
বিনিদ্র রাত হাতড়িয়ে, মনের পিঠে হাত বুলিয়ে,
কাকভোরে ফুসফুসে আস্থার রসদ জমিয়ে ভাবে
যাক, সে আছে, তার সাথে তার ভালোবাসাও আছে |
অথচ ভারি অচেনা ঠেকে সেই ভাবনার অনুরণন,
তাতে উষ্ণতা কম, সংশয়ের শৈত্য যেন ঢের বেশি |
ভালোবাসায় মানুষ বড় একা হয়ে যায়, বড্ড একঘরে;
আঙুলে আঙ্গুল গেঁথে আকাশের তারা গুনতে গুনতেও
অপরকে হারিয়ে ফ্যালে পেয়ে-হারানোর চোরাবালিতে |
আদর থাকে, অভ্যাসটাও থেকে যায়, অথচ ভালোবাসা
যত বাড়ে, ভালোবাসার মানুষ যেন আরো দূরে,
হারিয়ে ফ্যালার ভয়েই, হারিয়ে বসে ভালোবাসাকেই |
সময় কোথাও যায় না, মানুষই দূরে চলে যায় |
© ভাস্কর ভট্টাচার্য | ১০.০৪.২০২৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অসংখ্য ধন্যবাদ বন্ধু | আপনার ভালোবাসা আর পৃষ্ঠপোষকতা আমার উর্জা, আমার প্রধান পাথেয় | পাশে থাকুন, এই প্রার্থনা রইলো | অনেক ভালোবাসা থাকলো, আপনার জন্য | নমস্কার |