যাই বলো বাপু, পড়াশোনাটা বড্ডো ঝক্কির কাজ,
কালকের চিতায় শুয়ে যেন আজকের আজ |
বাপের বকুনি তাও সয়, রাঙাজেঠুটাও সেঁকে হাত
পরিবারের নাকি কুলাঙ্গার আমি, শোনায় দিনরাত |
তা বেশ, আমি না হয় ফালতু, আগাছা, জঞ্জাল,
বাকিরা সব মহারথী বুঝি ? নোবেলটারই আকাল ?
সে যাই হোক, কোনো মতে ঘষ্টেশিষ্টে চলি
বুঝি অপদার্থ আমি, তাই অনেক ভেবেচিন্তে বলি
লাগুক ভালো ছবির রং, কিম্বা বাঁশির সুর
- ওসব এক্কেবারে চলবে না,
পারো-না-পারো বাপু, ভুলেও
- 'পারবো না' কথাটি বলবে না |
বলদ-গলায় দড়ির শোভা, কিন্তু আমার গলায় টাই,
নিজের জন্য বাঁচতে ভুলি, মন খারাপ প্রায়ই |
অসাড় মনের ঘুলঘুলিতে জমা খুচরো অভিমান,
আমি কি চাই, জানে কি কেউ, কি চায় আমার প্রাণ ?
তবুও মুখে রা কাটা নেই, নেই ক্ষণিক অবসর,
শুধু সবার স্বপ্ন সাকার করার পরখ পরের পর |
আরে বোকা, ডাক্তার নয় ইঞ্জিনিয়ার, কিছু একটা করো,
বাঁশি বাজিয়ে, মূর্তি গড়ে, কেউ হয়েছে বড়ো ?
বেশ, তাই হবে, কথা দিচ্ছি, লড়ে যাবো শেষে,
নাক উঁচিয়েই থাকবে তোমরা, সমাবর্তনে এসে |
কিন্তু জানতে ইচ্ছে করে, ততদিন আমি বাঁচবো তো ?
ওরা কার্নিশ ধরে হাঁটতে বললে, আমি ঠিক পারবো তো ?
যৌনাঙ্গে ছেঁকার জ্বালা, অজানা সে যন্ত্রনা,
বিষ্ঠা ঘষা মুখে, চোখের জল ধরে রাখতে পারবো তো ?
সে না হয় হলো, যদি আমার মা কে গাল পাড়ে ?
চোখের সামনে মিদনাপুরের রোগা ছেলেটাকে মারে ?
তখন যদি আমার পালাতে ইচ্ছে করে ?
সবার থেকে, এই পৃথিবী থেকে অনেকটা দূরে ?
তখন কি দেবে ছুটি, তোমরা আমায় ? একটু অবসর ?
না না, এখানে নয়, অন্য কোথাও হবে আমার ঘর |
© ভাস্কর ভট্টাচার্য | রবিবার, ০২ ভাদ্র, ১৪৩০
20th August 2023, কলকাতা |