শৈশবে, বাবার কাছে একটা কথা প্রায়শই শুনতাম | বার বার বলতেন, 'অভাব মানুষকে মহীয়ান করে' !
শিকার করতে বিন্দুমাত্র দ্বিধা নেই, কথাটা আমার এক্কেবারে পছন্দের ছিল না | শৈশবে কথাটির নিগূঢ় অর্থ বুঝতেই পারতাম না | খালি ভাবতাম, বাবার সামর্থের বাইরে কিছু চেয়ে বসলেই ওই অমোঘ বাণী নিশ্চিত আমার দিকে ২০০ কিমি বেগে ধেয়ে আসবে | আর আমার বয়সন্ধিকালে যখন সবার কথার বিরোধিতা করা এবং নিজের ভাবনাটাকে সঠিক প্রমান করাটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেলাম, তখন সেই অদ্ভুত বাক্যটি শুনলেই বমকে যেতাম | ভাবতাম বাবা 'দারিদ্র্য'-কে অহেতুক রোমান্টিসাইস করার চেষ্টা করছেন এবং খরচ বাঁচানোর ফন্দি হিসেবে ওই বাক্যটি ব্যবহার করছেন | ভাবতাম কি সাংঘাতিক নেগেটিভ একটা ভাবনা জোর করে একটা বাচ্চার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে | তার আত্মবিশ্বাস আর বড় কিছু করার খিদেটাকেই সমূলে উৎপাটন করার চেষ্টা চলছে | বাবাকে যেহেতু যমের থেকে সামান্য বেশি ভয় পেতাম, তাই মুখের উপর প্রতিবাদ করার সাহস জোগাড় করতে পারতাম না | মুষ্টি বদ্ধ করতেই, সব ক্লেশ নীরব জেদে রূপান্তরিত হয়ে মনের এক কোণে জমা হতে থাকতো | ভাবতাম একদিন বাবার কাছে প্রমান করেই ছাড়বো, প্রাচুর্য্য খারাপ জিনিস নয় এবং অভাব যে অপরিহার্যভাবে মানুষকে মহীয়ান করবেই এর কোনো নিশ্চয়তা নেই|
ওই কথাটির প্রকৃত অর্থ বুঝতে অনেক দেরি করে ফেলেছি | তবে দেরিতে হলেও বুঝেছি | বুঝেছি বললে কম বলা হবে, উপলব্ধি করেছি | প্রতিনিয়ত করে চলেছি | 'অভাব' বলতে বাবা কোনোদিন 'দারিদ্র' বোঝাতে চান নি | অভাব বলতে বাবা বারবার 'অসম্পূর্ণ আকাঙ্খা' বা 'অপ্রাপ্ত প্রসিদ্ধি'র কথা বোঝাতে চেয়েছিলেন | অসমাপ্ত স্বপ্নের কথা বা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে যে ক্ষুদার প্রয়োজন পড়ে, তার কথা বলতে চেয়েছিলেন | একটা ধ্রুব সত্য, একটা মৌলিক অথচ দারুন অনুপ্রেরণা দায়ক ভাবনাকে আমি তখন বুঝতেই পারিনি বা চাইনি | বাবা চলে গিয়েছেন | শেষ পর্যন্ত বাবার পাশেই ছিলাম | তবু মাঝে মাঝে মন কেমন করে, মনে হয় পাশে থেকেও আক্ষরিক অর্থেই কি বাবার "সাথে" কোনোদিন থাকতে পেরেছি ?
ওঁনাকে, ওনার চিন্তনকে আমি নতুন আলোয় চিনতে শিখছি, প্রতিদিন | কথায় বলে "when you are too close to something, you tend to lose objectivity" | খুব খাঁটি কথা | খুব কাছাকাছিতে দৃষ্টি এবং বোধ, দুটোই বেশ ঘোলাটে হয়ে যায় | অনেক সময় মানুষের সঠিক মূল্যায়ন করতে গেলে একটু দূরে সরে গিয়ে করতে হয় | বাবা দূরে চলে গিয়ে যেন আরো প্রজ্জ্যল হয়ে আমার জীবনে থেকে গিয়েছেন ধ্রুবতারার মতন |
© ভাস্কর ভট্টাচার্য | ২৩.১১.২০২২