সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

ছাই

ভালো লাগে কানায় লেগে থাকা লিপ্সার হলদেটে গন্ধ
উশখুশ লালসার চুঁইয়ে নামা নোনতা স্বাদ ভালো লাগে,
ভালো লাগে অসতর্ক মুহূর্তের রাঙতায় মোড়া নষ্টামী
জীর্ণ ত্বকে কস্তুরী, কামনায় পোড়া রাত ভালো লাগে |
বলিরেখা পিঠে বয়ে ফেরা অসহায়তা একপাশে রেখে
হামাগুড়ি দিয়ে মনের দিগন্তে পৌঁছে যাওয়া ভালো লাগে,
ভালো লাগে বিলি কাটা আরামের স্ফুলিঙ্গ চেখে দেখে
অগোছালো আঁচলের অহেতুক খসে পড়া ভালো লাগে |
শেকলের ফেলে যাওয়া উদাসীন রক্ত জমাট নিথর
অগোছালো বৃষ্টির জলে ধোওয়া অঙ্গীকার ভালো লাগে,
ভালো লাগে হাপুস কান্না ভেজা তারাদের আনাগোনা
গড়ার চাইতে, না জানি কেন আজ ভাঙতে ভালো লাগে |
পলকে বদলে, জানি থাকবে এক আকাশ শূন্যতা, তবু
তোমার উষ্ণ ঘ্রান বুকে ভরে মুহূর্তে বাঁচাটাই ভালো লাগে,
যতবার চোখ পড়ে ওই চোখে, অসাড় যন্ত্রনা সাঁতরে
প্রতিদিন তোমার আগুনে পুড়ে ছাই হতে ভালো লাগে |


© ভাস্কর ভট্টাচার্য | রবিবার, ০৬ শ্রাবণ, 1430 (23.07.2023)  

ইচ্ছে পাড়ি

যাই বলো বাপু, পড়াশোনাটা বড্ডো ঝক্কির কাজ, 

কালকের চিতায় শুয়ে যেন আজকের আজ | 


বাপের বকুনি তাও সয়, রাঙাজেঠুটাও সেঁকে হাত

পরিবারের নাকি কুলাঙ্গার আমি, শোনায় দিনরাত |


তা বেশ, আমি না হয় ফালতু, আগাছা, জঞ্জাল,

বাকিরা সব মহারথী বুঝি ? নোবেলটারই আকাল ?


সে যাই হোক, কোনো মতে ঘষ্টেশিষ্টে চলি           

বুঝি অপদার্থ আমি, তাই অনেক ভেবেচিন্তে বলি  


লাগুক ভালো ছবির রং, কিম্বা বাঁশির সুর 

- ওসব এক্কেবারে চলবে না,

পারো-না-পারো বাপু, ভুলেও 

- 'পারবো না' কথাটি বলবে না |

 

বলদ-গলায় দড়ির শোভা, কিন্তু আমার গলায় টাই,   

নিজের জন্য বাঁচতে ভুলি, মন খারাপ প্রায়ই |


অসাড় মনের ঘুলঘুলিতে জমা খুচরো অভিমান,  

আমি কি চাই, জানে কি কেউ, কি চায় আমার প্রাণ ?   


তবুও মুখে রা কাটা নেই, নেই ক্ষণিক অবসর,     

শুধু সবার স্বপ্ন সাকার করার পরখ পরের পর | 


আরে বোকা, ডাক্তার নয় ইঞ্জিনিয়ার, কিছু একটা করো, 

বাঁশি বাজিয়ে, মূর্তি গড়ে, কেউ হয়েছে বড়ো ? 


বেশ, তাই হবে, কথা দিচ্ছি, লড়ে যাবো শেষে,   

নাক উঁচিয়েই থাকবে তোমরা, সমাবর্তনে এসে |


কিন্তু জানতে ইচ্ছে করে, ততদিন আমি বাঁচবো তো ?

ওরা কার্নিশ ধরে হাঁটতে বললে, আমি ঠিক পারবো তো ?

যৌনাঙ্গে ছেঁকার জ্বালা, অজানা সে যন্ত্রনা, 

বিষ্ঠা ঘষা মুখে, চোখের জল ধরে রাখতে পারবো তো ?


সে না হয় হলো, যদি আমার মা কে গাল পাড়ে ?

চোখের সামনে মিদনাপুরের রোগা ছেলেটাকে মারে ?

তখন যদি আমার পালাতে ইচ্ছে করে ?

সবার থেকে, এই পৃথিবী থেকে অনেকটা দূরে ?


তখন কি দেবে ছুটি, তোমরা আমায় ? একটু অবসর ?

না না, এখানে নয়, অন্য কোথাও হবে আমার ঘর |

© ভাস্কর ভট্টাচার্য | রবিবার, ০২ ভাদ্র, ১৪৩০ 

20th August 2023, কলকাতা |


শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

অনু কবিতা সংকলন ৮

 যন্ত্রণাকে কবচ করতে শিখিয়েছিলে তুমিই 

দিব্যি দিচ্ছি, চিরঋণী আমি তোমার  

সেই কবেই, আমায় তুমি যত্ন করে না ভাঙলে 

হয়তো বা টুকরো হতাম বার হাজার |   



--------------------------------------------------------------


যন্ত্রণাকে কবচ করতে শিখিয়েছিলে তুমিই 

দিব্যি দিচ্ছি, চিরঋণী আমি তোমার  

সেই কবেই, আমায় তুমি যত্ন করে না ভাঙলে 

হয়তো বা টুকরো হতাম হাজার বার |   


--------------------------------------------------------------

স্থবির, রুক্ষ বৃক্ষশাখার আনাচে কানাচে, সন্তর্পনে  

কখনো শতাব্দী দীর্ঘ নির্মম ইতিহাসে দগ্ধ ইঁটের খাঁজে, 

প্রতি রাত খুঁজে ফেরে তোমারই অশ্রু স্ফুলিঙ্গ |


--------------------------------------------------------------