antim anuranan লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
antim anuranan লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২২ মার্চ, ২০২৬

জমাখরচ

 সেদিন হঠাৎ মনে করালে আমায় ভালোবেসেছো কতটা,

হাতে হাত রেখে সুদীর্ঘ্য ছায়াপথ বরাবর হেঁটেছো যতটা,
ফুলের তোড়া দিয়েছো কটা, সাথে অগুনতি নীলাকাশ,
দিয়েছো গোলাপের কাটায় গাঁথা আবেগ, যত অবকাশ।
যাবতীয় উপহার, সাথে পেঁজা পেঁজা আবেশ অনুরত,
চোখের জল, ঠোঁটের হাসি, হাজার একটা কল্যাণ ব্রত।
কাটিয়েছো কটা অতন্দ্র রাত, অপরিণত স্বপ্নের রেশে,
হিসেবের জমা খাতা জুড়ে লেখাজোখা একপেশে।
বুঝলাম সেদিন বোঝাতে চেয়েছো আমায় ভালোবাসো কতটা,
আকাশের অসীমে বা সমুদ্রের অতলে অজানা সম্পদ যতটা।
কিন্তু কি জানো, মনে হয় তুমি আর আমায় ভালোবাসো না,
হিসেবের খাতা ফেলে সেই আগের মতো কাছে আসো না।
ভালোবাসা ফুরোলেই ঠেলে ওঠে হিসেবের বুদ্বুদ, নিরর্থক দাবি,
ভালোবাসা তো অন্ধ, বধীর; ভালোবাসা উন্মাদ, বেহিসাবি।
বুঝে গেছি, সেই আগের মতো তুমি আর ভালোবাসো না,
হিসেবের খাতা ফেলে আগের মতো আর কাছে আসো না।
- ভাস্কর ভট্টাচার্য্য
মঙ্গলবার, ১৮ ফাল্গুন, ১৪৩২