বলবো বলবো করেও সেবার বলা হয়নি, আজ বলছি,
চায়ের দোকানের আড্ডাটা নেহাত অজুহাত,
বুড়ো বেঞ্চিগুলোর পায়ায় লেগে থাকা
তেলচিটে শেষ ইচ্ছেগুলো বড্ডো টানে আমায়,
অশীতিপর সায়াহ্নের ভারী গন্ধতে আমার নেশা হয় –
বুক ভরে শুষে নি, কাল যদি ফের সন্ধ্যা না নামে,
দীর্ঘ অবসরে ক্লান্ত মুখগুলো কাল যদি হঠাৎ উবে যায়,
যাবতীয় নালিশ, আক্ষেপ বা অসুখের বিলাপ,
কখনো বলতে না পারা থোকা-থোকা অব্যক্ত ফরিয়াদ,
চায়ে ডুবতেই তরতর করে দিব্যি নেমে যায় মনের অন্দরমহলে।
আড্ডাটা নেহাত অজুহাত, অপলক চেয়ে থাকি
ক্রমশ নিভে আসা বিবর্ণ আকাঙ্খাগুলোর পানে,
ইতিউতি ছড়ানো-ছিটানো হতাশার মরিয়া বীজগুটিগুলি
প্রতি সন্ধ্যায় উপড়ে ফেলতে আমার দারুণ লাগে।
তাই তো বলি, চায়ের দোকানের আড্ডাটা স্রেফ অজুহাত,
আসলে রাস্তার জরাগ্রস্ত বুড়ো কাঁকরগুলো আমায় ভীষণ টানে।